মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছেন মামাতো-ফুফাতো দু’ভাই। এ আসনে আওয়ামী লীগ দলীয় বর্তমান এমপি বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ধানের শীষের প্রার্থী হয়েছেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এসএ জিন্নাহ কবির। নাঈমুর রহমান দুর্জয় ও জিন্নাহ কবির দু’জন মামাতো-ফুফাতো ভাই।
শুক্রবার সন্ধ্যায় বিএনপি চূড়ান্ত প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবিরের নাম ঘোষণা করে। এর পর থেকেই ভোটের মাঠে নানা গুঞ্জনের সৃষ্টি হয়। দু’ভাই বড় এ দু’দলের প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মাঝে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
বিএনপি’র ভোটার নির্ভর এ আসন পুনরুদ্ধারে মরহুম মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দুই পুত্র অ্যাডভোকেট আব্দুল হামিদ ডাবলু, ড. আকবর হাসেন বাবলু ও জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাবন্দী তোজাম্মেল হক তোজা দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন।









