ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) নির্বাচনী এলাকার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকার জেলা প্রশাসক (ডিসি) আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান প্রার্থীদের নামে প্রতীক বরাদ্দ দেন। গত সোমবার বেলা ১১টা থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়ে দুপুরের দিকে শেষ হয়।
এ আসনে যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন তারা হলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম তার প্রত্যাশিত মোটরগাড়ি প্রতীক পেয়েছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আবিদ হোসেন পেয়েছেন কাস্তে। ধানের শীষ পেয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক। ইসলামী আন্দোলনের কামাল হোসেন পেয়েছেন হাতপাখা। আওয়ামী লীগের নৌকা পেয়েছেন সালমান এফ রহমান। বিকল্পধারার জালাল উদ্দিন পেয়েছেন কুলা। জাকের পার্টির শামসুদ্দিন আহমদ পেয়েছেন গোলাপ ফুল। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সিকান্দার হোসেন পেয়েছেন কোদাল প্রতীক।





