পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত এবং জাতিয় ইস্যু মাথায় রেখে আগামী নির্বাচনে ভোট দেয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি হয়েছে ঠিকই; কিন্তু এখনো স্থিতিশীলতা আসেনি। সত্যিকার অর্থে এখনো পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়নি। সোমবার কাউখালীর বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
উষাতন বলেন, গুম, অপহরণ, গণগ্রেফতার, হামলা-মামলা ও মানুষের বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপের ফলে সারা দেশে এক সঙ্কটময় অবস্থায় বিরাজ করছে। অপর দিকে পার্বত্য চট্টগ্রামে বিরাজ করছে নিরাপত্তাহীন শ্বাসরুদ্ধকর এক নাজুক পরিস্থিতি।
সোহেল চৌধুরীর সভাপতিত্বে কাউখালী বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেএসএসের কেন্দ্রীয় সদস্য ও প্রধান নির্বাচন সমন্বয়ক উদয়ন ত্রিপুরা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা, জেলা সভাপতি রিন্টু চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের জেলা সভানেত্রী রীনা চাকমা, জেএসএস নেতা চিংহলামং চাক, অনীত চাকমা, পিসিপি নেতা কাজল চাকমা।