চিরিরবন্দরের সিংগানগরে দ্বিতীয় বিয়ের অপরাধে ছেলের উপর্যুপরি লাঠির আঘাতে বাবা ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত ২১ ডিসেম্বর রাত পৌনে ১২টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিংগানগর গ্রামের গমিরশাহ্পাড়ায় ঘটেছে। এ ঘটনায় নিহতের মেয়ে শিল্পী বেগম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে।
প্রত্যক্ষদর্শী নিহতের নববিবাহিতা স্ত্রী সেলিনা বেগম (৪০) জানান, ঢাকার গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টে চাকরি করার সুবাদে আবদুস সাত্তারের (৫৫) সাথে আমার পরিচয় হয় এবং বিবাহবন্ধনে আবদ্ধ হই। গত ২১ ডিসেম্বর রাতে স্বামীর নিজ বাড়িতে পৌঁছে সাথে নিয়ে আসা দুই ছেলেকে দিতে ঘরে গেলে ওই সময় আগের মৃত স্ত্রীর ছেলে আবু সাইদ (২৭) বাবাকে ঘরে বসতে দেয় এবং বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে ুব্ধ হয়ে বাইরে থেকে লাঠি নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে বাবা আবদুস সাত্তারকে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ছেলে ঘটনাস্থল থেকে প্যান্ট-শার্ট পরে পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই আতিকুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুজ্জামান জানান, আলামত জব্দ করা হয়েছে। পলাতক আবু সাইদকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।
আবদুস সাত্তারের প্রথম স্ত্রী গত ছয় মাস আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।