ঝালকাঠি-১ আসনে বিএনপি প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তমকে প্রচার-প্রচারণায় প্রতিপক্ষরা বাধা দিচ্ছে। এমনকি পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার কারণে তিনি ঘর থেকে বের হতে পারছেন না।
আজ বৃহস্পতিবার সকালে রাজাপুরের বাসভবনে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর এ অভিযোগ করেন।
তিনি জানান, নিজের নিরাপত্তা চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেও কোনো সফলতা পাননি তিনি। তিনি গণসংযোগ ও সভা-সমাবেশের আয়োজন করলেও সেখানে নিরাপত্তা নেই বলে জানিয়ে দেয়া হয় পুলিশের পক্ষ থেকে। আর আশেপাশেই আওয়ামী লীগ প্রার্থীর কর্মীসমর্থকরা অবস্থান নিয়ে হামলার ভয় দেখায়। এসব কারণে তিনি মাঠে নামতে পারছেন না।
তার বাসার চারপাশে সার্বক্ষণিক পুলিশ পাহারার মতো অবস্থান নেয়ায় নেতাকর্মীরাও কেউ তার সাথে দেখা করতে আসতে পারেন না বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।









