গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গরুর হাত থেকে ফসল রক্ষা করতে গরু আটক অভিযান পরিচালনা করে ২৪টি গরু আটক করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ও পারুলিয়া ইউনিয়নের কুমারীয়া, নিচিন্তপুর, জিকেবাড়ি ও লক্ষ্মীপুর গ্রামে বেশির ভাগ হিন্দু সম্প্রদায়ের বসবাস। সেখানকার লোকজনের মাঠের ফসলের মধ্যে পাশের ওড়াকান্দি ইউনিয়নের গ্রামের খাগড়াবাড়িয়া ও (খাগড়াবাড়িয়া থেকে আসা) সোনাডাঙ্গা গ্রামের কিছু প্রভাবশালী লোক অবাধে শতাধিক গরু চড়ায় এবং মাঠে গরু ছেড়ে দেয়। এতে ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুই-তিন বছর ধরে তারা নিয়মিত এভাবে গরু ছেড়ে দেয়। গত বছর থেকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা ও পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মকিমুল ইসলাম পাশের ওড়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান বদরুল আলম বিটুলকে এবং ওই দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ও গরুর মালিকদের মাঠে গরু না ছাড়ার অনুরোধ জানান। তাতে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা তার পরিষদের ১০ জন এবং পারুলিয়া ইউনিয়নের দু’জন চৌকিদার নিয়ে শনিবার সকাল থেকে মাঠে অভিযান চালিয়ে ২৪টি গরু আটক করেন।
তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাঈন উদ্দিন ও অফিসার ইনচার্জ আজিজুর রহমানকে এ বিষয়ে জানানো হয়েছে। তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। যাতে আমার মাহমুদপুর ইউনিয়নের চাষিরা গরুর মালিক ও গরুর অত্যাচারে হাত থেকে বেঁচে যায়। তারা নির্বিঘেœ তাদের কষ্টের ফসল নিজের ঘরে তুলতে পারে।