ময়মনসিংহের হালুয়াঘাটে দাখিল পরীক্ষার্থী খোবাইদকে (১৫) গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। সে গোবরাকুড়া গ্রামের কয়লা ডিপোসংলগ্ন হাসেম আলীর ছেলে। খোবাইদ এ বছর জয়রামকুড়া ডিএস মাদরাসার দাখিল পরীক্ষার্থী।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, আহত পরীক্ষার্থী গত শুক্রবার বিকেলে কুমারগাতি থেকে কোচিং করে বাড়ি ফেরার পথে জয়রামকুড়া কাসেম কারির বাড়িসংলগ্ন ব্রিজের উপর আসা মাত্রই অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী দুই আদিবাসী গারো যুবক পিস্তল দিয়ে বাম উরুতে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহতাবস্থায় খোবাইদকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে খোবাইদ জানান, দুর্বৃত্তদের সে আগে কখনো দেখেনি। তবে দেখলে চিনবে বলে জানায়। তার সাথে কোনো বিষয়ে আক্রোশ ছিল কি না জানতে চাইলে সে জানায়, কারো সাথে তার এ ধরনের কোনো আক্রোশ ছিল না।
হালুয়াঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম তালুকদার জানান, ঘটনাটির তদন্ত চলছে, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।





