ঢাকার দোহারে গৃহবধূ মনি হত্যার আসামিকে গ্রেফতার ও বিচার চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মনি হত্যার এক মাস পেরিয়ে গেলেও প্রধান আসামি মনি বেগমের স্বামী মামেদ আলীকে পুলিশ আটক না করায় এ মানববন্ধন করেন মনি বেগমের স্বজনেরা।
গত শুক্রবার দুপুর ১২টায় উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পল্লী বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গত ৮ ডিসেম্বর ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ সময় মনি বেগমের ঘর বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সে সসয় তার ননদের জামাই পরিবারের সবাইকে ডেকে নিয়ে তালা ভেঙে ঢুকে তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে মামেদ আলী হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়।
মনির শ্বশুরবাড়ির লোকজন এটি আত্মহত্যা বলে চালিয়ে নিতে চাইলে মনির বাবা-মা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে মনির স্বামী মামেদ আলীসহ তিনজনকে আসামি করে মামলা করেন।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। তবে পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর মামলা নেয়া হবে।