ঢাকার দোহারে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মো: আব্দুল হালিমকে আটক করেছে পুলিশ।
গতকাল বিকেলে উপজেলার মুকসুদপুর সরকারি পদ্মা কলেজ গেট থেকে তাকে আটক করা হয়।
দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান রনি জানান, আব্দুল হালিম একাধিক মামলার এজাহার নামীয় আসামি। বহু দিন ধরে তাকে আটক করার জন্য পুলিশ তৎপর ছিল।
এ দিকে আব্দুল হালিম জানান, আমি মুকসুদপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান। আমার বিরুদ্ধে কখনো কারো অভিযোগ থাকার কথা নয়। সারা জীবন ন্যায়নীতি বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করে গিয়েছি। আমার বিরুদ্ধে রাজনৈতিক দু’টি গায়েবি মামলা হয়েছে। এ মামলাগুলো কেন, কী বিষয়ে হয়েছে আমি কিছুই জানি না। তবে কিছু দিন আগে আমি একটি মামলায় আদালত থেকে জামিন নিয়েছি।
এ দিকে এলাকাবাসী জানান, সাবেক চেয়ারম্যান দু’টি মহিলা মাদরাসা ও কুয়েত ফাউন্ডেশনের অর্থায়নে একটি মাদরাসার প্রতিষ্ঠাতা।
দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম জঙ্গি মদদদাতা ও নাশকতার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট আছে। একাধিকবার আটক করার চেষ্টা করেও বার বার পুলিশ ব্যর্থ হয়েছে। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।





