ডিস ব্যবসার বিরোধকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে গত সোমবার ডিস অফিসে হামলা ভাঙচুর, দুই যুবলীগ নেতা ও স্বাস্থ্য সহকারীকে পিটিয়ে জখম করার ঘটনায় গতকাল মঙ্গলবার আহত কামরুজ্জামান বাদি হয়ে প্রতিপক্ষ ১০ যুবলীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
আহত দু’জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দিকে কামরুজ্জামানের বিরুদ্ধে মাদক মামলা করেছে পুলিশ। পুলিশ উভয় পক্ষের তিনজনকে গ্রেফতার করে দুইজনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, ডিশ লাইনের ব্যবসাকে কেন্দ্র করে ডিস অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কামরুজ্জামান বাদি হয়ে প্রতিপক্ষ নলচিড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য রাজু আহম্মেদ এবং ৪ নং ওয়ার্ডের সদস্য মিলনসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি রাজু আহম্মেদ ও মিলনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদি হয়ে মাদক আইনে কামরুজ্জামানকে আসামি করে একটি মামলা করেছেন। দুইটি বিষয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান ফকির বলেন, মাসুদ মীর উপজেলা যুবলীগের সদস্য। তাদের প্রতিপক্ষ রাজু ও মিলন যুবলীগের নাম ব্যবহার করে। প্রকৃতপক্ষে যুবলীগের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।