মালা শহীদ আসাদুজ্জামান উচ্চবিদ্যালয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সন্ত্রাসীরা এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরের সীমান্তবর্তী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের মালা শহীদ আসাদুজ্জামান উচ্চবিদ্যালয়ে শনিবার ও রোববার দুই দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ প্রায় এক লাখ টাকা ব্যয়ে একটি সুজ্জজিত গেট এবং প্যান্ডেল তৈরি করে। শুক্রবার রাতে নাইট গার্ডকে জিম্মি করে ২৫-৩০ জনের এক দল মুখোশ পরা যুবক স্কুল এলাকায় প্রবেশ করে ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে নির্মিত গেট ও প্যান্ডেলে ব্যাপক ভাঙচুর করে পালিয়ে যায়।
এ ব্যাপারে নৈশপ্রহরী শহিদুল ইসলাম শেখ বলেন, আমাকে জিম্মি করে ২৫-৩০ জন মুখোশ পরিহিত যুবক ব্যাপক ভাঙচুর করে। তারা আমাকে খুন করার হুমকি দেয়। আমি প্রাণ ভয়ে পালিয়ে যাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আল হেলাল মোল্যা জানান, আমি সকালে স্কুলে এসেই এ ভাঙচুরের ঘটনা দেখতে পাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি।
বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নূর ইসলাম (বিল্লাল হোসেন) বলেন, শত্রুতা করে মালা গ্রামের কিছু খারাপ লোক এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। থানায় অভিযোগ দিয়েছি।
টগরবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান শিপন বলেন, শত্রুতা করেই এ ঘটনা ঘটানো হয়েছে। প্রধান শিক্ষককে অনুরোধ করেছি পরিবেশ শান্ত না হওয়া পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ রাখতে। বিদ্যালয় এলাকায় পুলিশ পাহারা বৃদ্ধি করেছে আলফাডাঙ্গা পুলিশ প্রশাসন।