ডিশ লাইন কেটে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় সরকারি দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষ হয়েছে। এতে একটি বসতঘর ভাঙচুর ও সাবেক তিন জনপ্রতিনিধিসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারে ও বিকালে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় গৈলা ইউপির সাবেক সদস্য যুবলীগ নেতা সাইফুল ইসলাম দরবেশকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যুবলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে গৌরনদী থানা পুলিশ। এ নিয়ে ওই এলাকায় উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ডিশ ব্যবসায় নিয়ে গত কয়েকদিন ধরে গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ পিন্টুর গ্রুপ ও আগৈলঝাড়ার গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামাল গোমস্তার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান জামাল গোমস্তা, সাবেক পৌর কাউন্সিলর ফিরোজ রহমানসহ তাদের সহযোগীরা গত মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়ার পতিহার গ্রামের ডিশ ব্যবসায়ী যুবলীগ নেতা মৃতুঞ্জয় সরকার, লক্ষণ দে’র ডিশ লাইনের তার কেটে দেয়। এ সময় বাধা দিলে জামাল গোমস্তার সমর্থকেরা পতিহার গ্রামের লক্ষণ দে’র বাড়িতে হামলা চালিয়ে কল্পনা দে, কল্যাণী কাপালী, কাঠমিস্ত্রি বিভূতি হালদার, বিপুল গাইনকে পিটিয়ে আহত ও লক্ষণ দে’র বসতঘর ভাঙচুর করে। একই দিন রাতে প্রতিপক্ষ জামাল গোমস্তার লোকজন গৈলা ইউপির সাবেক সদস্য যুবলীগ নেতা সাইফুল ইসলাম দরবেশকে বিল্বগ্রাম বাজার এলাকায় বসে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষ হয়। হালমা ও সংঘর্ষে গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামাল গোমস্তা, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম দরবেশ, সাবেক পৌর কাউন্সিলর যুবলীগ নেতা ফিরোজ রহমান, যুবলীগ কর্মী মৃত্যুঞ্জয় সরকার, লক্ষণ দে’সহ উভয় পক্ষের ছয় নেতাকর্মী আহত হন।
সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামাল গোমস্তা অভিযোগ করেন, পিন্টু গুহ ও তাদের সহযোগীরা এলাকায় অবৈধভাবে ডিশ লাইন চালাচ্ছে। তারা বাধা দিলে কিছু দিন আগে তাদের ডিশ লাইনের তার কেটে দেয় পিন্টু গ্রুপের লোকজন। এ নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। পিন্টু গুহ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে সোহেল বেপারীর প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের একটি স্পাইসি মেশিন (ডিশ লাইন জোড়া দেয়ার মেশিন) নিয়ে গেছে।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় আহত দরবেশ মেম্বারের ভাই আনোয়ার হোসেন হাওলাদার বাদি হয়ে জামাল গোমস্তা, ফিরোজ রহমান, সুজিত দাস, কামাল গোমস্তাসহ সরকারি দলের ১৭ নেতাকর্মীর নামোল্লেখ করে ২৫ জনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছে। এ মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ কর্মী টিটু শিকদার, সুজিত দাস ও সুমন গোমস্তাকে গ্রেফতার করা হয়েছে।