শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবন্ধী পপি আক্তারকে পড়ালেখার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পক্ষে উপজেলার বিলাশ গ্রামের সমাজসেবক তারা মিয়া পপির হাতে দুই হাজার টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন মহিলা ও শিশু পুনর্বাসন সংস্থার সভানেত্রী নাসিমা বেগম, পপির বাবা জয়নাল, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি এম খলিলুর রহাম প্রমুখ।
মহিলা ও শিশু পুনর্বাসন সংস্থার নির্বাহী পরিচালক তারা মিয়া জানান, ‘অর্থাভাবে প্রতিবন্ধী পপি আক্তারের পড়ালেখা বন্ধের উপক্রম হয়েছে’ গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কর্মকর্তারা পপিকে আর্থিক সহায়তা হিসেবে দুই হাজার টাকা প্রদান করেন। এ ছাড়া পপিকে প্রত্যেক মাসে ৫০০ টাকা করে প্রদান করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, পপি আক্তার (১৪) উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামের দিনমজুর জয়নাল আবেদীনের মেয়ে। সে একজন শারীরিক প্রতিবন্ধী। দু’হাত ও দু’পায়ে হেঁটে যাতায়াত করতে হয় তাকে। তার বাবা বিভিন্ন রোগে আক্রান্ত। পপির মা নাজমা খাতুন অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে যা আয় হয় তাই দিয়ে কোনোরকমে তাদের সংসার চলে।