কুষ্টিয়ার মিরপুরে ইউনানি ওষুধ খেয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা এলাকার পলান শেখের ছেলে নুর মোহাম্মদ (৫০) এবং একই এলাকার নবাব আলীর মেয়ে শামীমা (৯)। একই ওষুধ খেয়ে নবাব আলীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নবাব আলীর বাড়িতে ওই রাতে টেলিভিশন দেখতে যায় নুর মোহাম্মদ। এ সময় কাশির জন্য নবাব আলী নবীন ল্যাবরেটরির মেরী গোল্ড নামক ইউনানি সিরাপ খান। যেটি গত দুই মাস আগে কাশির জন্য নিয়ে এসে রেখেছিলেন তিনি। এ সময় নুর মোহাম্মদ, নবাব আলী ও নবাব আলীর মেয়ে শামীমা একই ওষুধ খায়। এরপরে রোববার রাত সাড়ে ১০টার দিকে শামীমা অসুস্থ হয়ে পড়লে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মিজানুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মারা যায়। মেরী গোল্ড নামক ইউনানি সিরাপ খেয়েছিল সে। এ দিকে ওই একই ওষুধ খেয়ে মধ্যরাতে নুর মোহাম্মদ অসুস্থ হয়ে পড়ে, তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এ দিকে মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন শামিমার বাবা নবাব আলী। তাকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।