কুষ্টিয়ার মিরপুরে মাটিচাপায় দুই শিশু নিহত হয়েছে। দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গৌড়দহ খালপাড়ায় খেলার সময় মাটির নিচে চাপা পড়ে দুই শিশু ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় আরো এক শিশু গুরুতর আহত হয়েছে। নিহতরা হলোÑ গৌড়দহ গ্রামের মন্টু মণ্ডলের ছেলে আকাশ (১২) ও মৃত আবুল হাশেমের ছেলে তারিকুল ইসলাম (১৩)। আহত শিশুর নাম লিখন (১০)। সেও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে আকাশ, তারিকুল ও লিখন নামে তিন শিশু বাড়ির পাশের মসলেম মণ্ডলের ছেলে আয়নালের জমির উঁচু মাটির টিলার নিচে খেলা করছিল।
হঠাৎ উঁচু মাটির টিলার একাংশ ভেঙে পড়ে ওই তিন শিশুর ওপর। এলাকাবাসী মাটি সরিয়ে উদ্ধার করার আগেই আকাশ ও তরিকুল মারা যায়। তবুও তারা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।