চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সবচেয়ে বেশি ব্যস্ততম সিইউএফএল সড়ক। চাতরী চৌমুহনী থেকে কেইপিজেড, পারকী সমুদ্রসৈকত, শাহ আমানত বিমানবন্দর যাতায়াতসহ পশ্চিম আনোয়ারার হাজার হাজার কর্মজীবী এবং সাধারণ মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। চাতরী চৌমুহনী থেকে ১৫ নম্বর ফেরিঘাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ৩ কিলোমিটার সড়কে খানাখন্দক ও বড় বড় ডোবা তৈরি হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। স্থানীয়রা সড়কটি দ্রুত নতুন করে সংস্কারের দাবি জানিয়েছেন।
এ সড়ক দিয়ে সিইউএফএল সার কারখানা, কাফকো সার কারখানা, ড্যাপ সার কারখানা, টার্নেল ও কেইপিজেড শিল্পপ্রতিষ্ঠানের মালামাল নিয়ে শত শত ভারী ট্রাক চলাচল করে। এ ছাড়াও কর্মসংস্থানে যাতায়াতের জন্য কয়েক হাজার সিএনজিচালিত অটোরিকশা প্রতিনিয়ত চলাচল করে। এক বছর ধরে এ সড়কে খানাখন্দক হয়ে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে স্থানীয়রা নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করে বড় বড় গর্ত ভরাট করলেও তা কিছু দিন না যেতেই আবার গর্তের সৃষ্টি হয়ে পড়েছে। তার পরও সংশ্লিষ্টদের কোনো তদারকি নেই। ফলে সড়কটি দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয় ব্যবসায়ী ওমর ফারুক ও কামাল উদ্দীন জানান, ব্যস্ততম সড়কটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। এর কারণে সামান্য বৃষ্টি হলে যানবাহন চলাচলে সমস্যায় পড়তে হয়। আবার শুষ্ক মওসুমে ধুলাবালুর জন্য এ সড়কে হাঁটা যায় না। কেইপিজেড গার্মেন্টকর্মী মো: তারেক বলেন, এ সড়ক দিয়ে চলাচল করা দুষ্কর। গাড়ি করে চলাচল করতে গেলে সেখানেও গর্তে গাড়ি আটকে গিয়ে দুর্ঘটনা বা প্রচুর জ্যামের শিকার হতে হয়।
জানা যায়, সড়ক ও সেতু মন্ত্রণালয় থেকে দেশের সব সড়ক ও মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশনা দেয়া হলেও আনোয়ারায় সবচেয়ে ব্যস্ততম সিইউএফএল সড়কটি সংস্কারের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না কর্তৃপক্ষ।
এ বিষয়ে সিইউএফএল ব্যবস্থাপনা পরিচালক বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, আমরা শিগগির সড়কটির কাজ শুরু করব। এটি আমাদের নিজস্ব সড়ক, তার পরও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ভারী গাড়িগুলো যাতায়াতের কারণে সড়কটি অল্প দিনে নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা এরই মধ্যে কাফকো, কেইপিজেড, টার্নেল কর্তৃপক্ষসহ মিলে সড়কটি মেরামতে ফান্ড গঠন করা হয়েছে। স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সময়ে টেন্ডার প্রক্রিয়া শেষ করে অভিজ্ঞ ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সড়কটি সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করব।





