সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খুদবান্দি যমুনা নদীর ঘাট এলাকায় আবাদি জমিতে বালু ফেলতে নিষেধ করায় বালু ব্যবসায়ীরা জমির মালিকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।
এ বিষয়ে আবু শাহিন নামে এক জামির মালিক গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। অন্যপক্ষে পাল্টা অভিযোগ করেছেন প্রতিপক্ষ।
লিখিত অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিপুর পৌরসভার বিয়াড়া গ্রামের তাছির উদ্দিন তাছু আট-নয়জন সহযোগীসহ খুদবান্দি ঘাট এলাকার যমুনানদী থেকে বালু উত্তোলন করে শাহিনের আবাদি জমিতে রাখার প্রস্তাব দেয়। কিন্তু শাহিনসহ কয়েকজন ভূমির মালিক বালু ব্যবসায়ীদের এ প্রস্তাবে অসম্মতি জানান। ভুক্তভোগিরা জানান, তা ছাড়া লোকজন নিষেধ না শুনে জোরপূর্বক তাদের জমিতে বালু তোলার সরঞ্জামাদি নিয়ে আসে। নিরূপায় হয়ে গত বুধবার ১৬ জন ভূমি মালিক কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার দুপুরে ইএনও জাহিদ হাসান সিদ্দিকী তদন্তের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান।
অভিযোগকারী আবুশাহীন জানান, তদন্ত কর্মকর্তার সামনেই তার কিছু লোকজন জমির মালিকদের গালমন্দ করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমির মালিকদের বাড়িতে ভাঙচুর করেন। বাধা দিতে গেলে বাড়ির মালিক সাইদুল ইসলাম, তার স্ত্রী হাসনা খাতুন ও আকলিমা খাতুন আহত হন।
এ দিকে তাছির উদ্দিন তাছু জানান, জমির মালিকরাই তাদের ওপর চড়াও হয়ে মারধর করেছেন। দু’জন হাসপাতালে রয়েছেন।