সিরাজগঞ্জের কাজিপুরে বালু বোঝাই একটি কার্গোর ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবিতে নুরজাহান বেগম নামের এক নারী নিখোঁজ রয়েছে। এই ঘটনায় ওই মহিলার স্বামী ও নৌকার মাঝিকে স্থানীয়রা উদ্ধার করেছে। কাজিপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে নিখোঁজ মহিলার সন্ধানে কাজ করছে।
কাজিপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় কাজিপুরের জজিরা চরের আব্দুস সালাম (৪৫) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৩৫) কাজিপুর থেকে বাড়ি ফিরতে মেঘাই নৌকাঘাটে যান। ততক্ষণে নিয়মিত খেয়া সার্ভিস বন্ধ হয়ে গেছে। ফলে সন্ধ্যে সাড়ে ৬টায় নাটুয়ারপাড়ার ইউনিয়নের উত্তর তেকানী গ্রামের ইমাম মণ্ডলের ছেলে শফিকুল ইসলামের নৌকা ভাড়া করে একটি মোটরসাইকেলসহ দুইজন রওনা হন। নৌকা ছাড়ার পর মেঘাই ঘাট থেকে দেড় শ’ মিটার যাবার পরেই বিপরীত দিক থেকে আসা হুজাইয়া সলেমন নামের একটি বালি বোঝাই কার্গো ওই নৌকাকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি পানিতে ডুবে যায়। ঘাট থেকে স্থানীয়রা এই ঘটনা দেখে দ্রুত স্পিডবোট নিয়ে গিয়ে নৌকার মাঝি শফিকুল ও আবদুস সালামকে উদ্ধার করে। কিন্তু নূরজাহানের কোনো সন্ধান মেলেনি। কাজিপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টা করেও ওই মহিলা ও মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি। উদ্ধার চেষ্টাকালে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও থানার ওসি এ কে এম লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।





