ফুটবল খেলা শেষে সহপাঠীদের সাথে গোমতী নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যায় হাফেজ মো: নাইম (১৬) নামে এক কিশোর। পরে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃতের লাশ উদ্ধার করে স্বজনরা।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নাইম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাজার চৌয়ারা এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে।
নাইমের সহপাঠীরা জানান, সকালে ফুটবল খেলা শেষে গোমতী নদীতে সবাই এক সাথে গোসলে নামে। এক পর্যায়ে পানির স্রোতে হাফেজ মো: নাইম তলিয়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।
একপর্যায়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিমি দূরে টিক্কারচর এলাকায় ভাসমান অবস্থায় নাইমের লাশ উদ্ধার পাওয়া যায়।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। তবে বিস্তারিত জানার চেষ্টা করছি।’









