বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কথা বলার রাজনীতি শেষ হয়ে গেছে, এখন কাজের সময়। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ফল আজকের মুক্তি।’

সোমবার (৭ জুলাই) বিকেল ৩টায় নগরীর একটি হোটেল মিলনায়তনে সিলেট জেলা বিএনপি আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ, তাদের পরিবার-পরিজনের প্রতি সম্মান জানিয়ে একটি বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, ‘গত ১৫ বছরে ফ্যাসিস্ট রেজিম প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেছে। জুলাই-আগস্ট বিপ্লবের সময় মাত্র ৩৬ দিনে ২ হাজার মানুষকে হত্যা করেছে। আমাদেরকে সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে, শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে, শহীদদের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করে তাদের পাশে দাঁড়াতে হবে।’

‘আমাদের নেতা তারেক রহমান একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চান। নতুন বাংলাদেশে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। আমরা একটি অংশগ্রহণমূল ও অর্থবহ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার গঠন করতে চাই,’ বলেন তিনি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা: এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, এম এ মালিক ও ডা: সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউস, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম ও মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল র. ও শাহ পরাণ র.-এর মাজার জিয়ারত করেন। এছাড়া তিনি বেলা ১২টায় নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।