চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মো: দুলালকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৩ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
গ্রেফতার দুলাল মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওচমানপুর ইউনিয়নের উত্তর মরগাং গ্রামের নুরুল হুদার ছেলে।
এর আগে বৃহস্পতিবার (২২ মে) ঢাকা যাত্রাবাড়ীর সামাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ আগস্ট জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে দুলালের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। কিন্তু রায় ঘোষণার আগেই পলাতক হন দুলাল।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, দুলাল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।









