দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভার্চুয়ালি দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরই ধারাবাহিকতায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলাতেও ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশেষ এ অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি ও সামাজিক পর্যায়েও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। এ লক্ষে প্রত্যেক নাগরিককে সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।









