গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে কালনা ফেরিঘাট পর্যন্ত তিন কিলোমিটার মহাসড়কে বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে যানবাহন ও পথচারীরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছে। বছরের পর বছর মহাসড়কের দুই পাশে রাস্তার ওপর বালু রেখেই রমরমা ব্যবসা করে যাচ্ছে প্রভাবশালীরা। জনসাধারণের ভোগান্তি দেখার কেউ নেই বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
সরেজমিন দেখা গেছে, ঢাকা-ভাটিয়াপাড়া-কালনা ভায়া যশোর-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচক্কর থেকে কালনা ফেরিঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার দুই পাশে অর্ধশত বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার জায়গা দখল করে বালুর চাতাল বানিয়ে প্রশাসনের বিনা অনুমতিতেই রমরমা ব্যবসা করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষ। যানবাহনের যাত্রী ও পথচারীদের চোখেমুখে বালু উড়ে পড়ছে। ওই দুই কিলোমিটার রাস্তার দুই পাশের অর্ধশত বালুর চাতালের বালু রাস্তার অর্ধেক জায়গা দখল করে রেখেছে। তা ছাড়া প্রতিনিয়তই কারপেটিং রাস্তার অর্ধেক জায়গা দখল করে বালুবাহী ট্রাকগুলো লোড-আনলোড করা হয়ে থাকে। ফলে এই সড়কে চলাচলকারী শত শত বাস, ট্রাক,পিকআপ, মোটরসাইকেল, ভ্যান রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম ভোগান্তির স্বীকার হচ্ছে। দীর্ঘদিন যাবত এমন অবস্থা চলতে থাকলেও গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলম বলেন, বিষয়টি জেলা আইনশৃঙ্খলা সভায় তুলেছি। সামনের সভায় আবারো বিষয়টি তুলবো।