লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের দক্ষিণ শ্যামপুর ব্যাপারী বাড়ির আবুল কাশেম মিয়ার ছেলে এবং চাটখিল সোমপাড়া গার্লস হাইস্কুলের শিক্ষক মোজাম্মেল হোসেন (২৯) নিখোঁজের ২৫ দিনেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
গত ১৫ মার্চ রাতে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দিয়ে নিখোঁজ হন মোজাম্মেল।
নিখোঁজ মোজাম্মেল হোসেনের ভগ্নিপতি লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, গত ১৫ মার্চ রাত সাড়ে ৮টায় শ্যালক মোজাম্মেল হোসেন তার ব্যবহৃত মোবাইল থেকে (০১৮১৮৮৩৫১২২) লক্ষ্মীপুরে তার কাছে আসার জন্য রওনা হওয়ার কথা জানান। এর কিছুক্ষণ পর থেকে মোজাম্মেলের মোবাইল নম্বরটি বন্ধ পান তিনি। নিকটাত্মীয়াসহ বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে পরদিন ১৬ মার্চ লক্ষ্মীপুর সদর থানায় মোজাম্মেলের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন তিনি। সাধারণ ডায়েরি করার ২৫ দিন পার হয়ে গেলেও অদ্যাবদি মোজাম্মেল হোসেনের খোঁজ পাননি তারা।
মোজাম্মেলের মা ও পরিবারের সদস্যদের দাবি অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে অপহরণ করেছে। ঘটনায় তার মা ও পরিবারের সদস্যরা আতঙ্কিত দিনযাপন করছেন বলে জানান।