ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনে অভিযুক্ত আলমগীর হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। আলমগীর দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার খলিলপুর সরকারপাড়া গ্রামের মো. হেকাব্বরের ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আলমগীর উপজেলার চুড়াইন গ্রামে জয়নাল চেয়ারম্যানের বাড়িতে মাটি কাটার কাজ করতে এসে পাশ্ববর্তী শ্রীধরপুর গ্রামের সানজিদা আক্তার (ছদ্ম নাম) নামে এক কিশোরী গৃহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বুধবার সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষিতা কিশোরীও বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করত। এ বিষয়ে ধর্ষিতার মা নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
এবিষয়ে নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আব্দুর রাশিদ বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
চাকরি দেয়ার নামে গৃহবধূকে গণধর্ষণ
সাভার (ঢাকা) সংবাদদাতা
চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সাভারের পৌর এলাকার রাজাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে ধর্ষিতা গৃহবধূ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে এই বিষয়ে একটি মামলা দয়ের করেন।
এদিকে ওই গৃহবধূকে (৪১) গণধর্ষণের বিষয়ে মামলা দায়ের করার পর মঙ্গলবার ৫ অভিযুক্ত ধর্ষককে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলো- মতি মিয়া (৫৫), রাকিবুল (২৪), মিরাজ সরকার (৩২), মোক্তার হোসেন (২৯) ও মাহবুব (৪২)। গণধর্ষণের শিকার গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)’তে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গণধর্ষণের শিকার গৃহবধূ সাভারের ইমান্দিপুর এলাকায় একটি বাড়িতে বসবাস করতেন। গত সোমবার রাতে অভিযুক্ত মিরাজ ওই গৃহবধূকে চাকরি দেয়ার কথা বলে পৌর এলাকার রাজাবাড়ির একটি বাড়িতে নিয়ে যায়। পরে ওই গৃহবধূকে আটককৃত অভিযুক্তরা গণধর্ষণ করে।
পরে মঙ্গলবার সকালে ধর্ষিতা গৃহবধূ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে গণধর্ষণের অভিযোগ করলে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক পাঁচ জনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার উিউটি অফিসার এসআই মালেকা বানু জানান, গণধর্ষণের শিকার ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।





