ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর থেকে শুরু হওয়া মহাসড়কের দু’পাশে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এ যানজট মেঘনা সেতু হয়ে মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া পর্যন্ত গিয়ে শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। গতকাল সাপ্তাহিক ছুটির দিন ছাড়া তিন দিনের ছুটি, কাঁচপুর ও মেঘনা সেতুতে ধীরগতিতে টোল আদায় ও মহাসড়কে ছুটির দিনে অতিরিক্ত পণ্যবাহী গাড়ির চাপ ও কাঁচপুর সেতুতে গাড়ি বিকল হওয়া এ যানজটের কারণ বলে জানা গেছে। দিনভর অব্যাহতভাবে লেগে থাকা এ যানজটের কবলে পড়ে শত শত পরিবহনযাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক পরিবহনযাত্রী তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পায়ে হেঁটে রওনা হন। যানজট নিরসনে হাইওয়ে ও থানা পুলিশ ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। যানজটের কারণে মহাসড়কে যান চলাচলে ধীরগতি ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়কে যানজট ছিল।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, শুক্রবার ছুটির দিন, এ ছাড়া শবেবরাতসহ তিন দিনের ছুটি থাকায় মহাসড়কে বাড়তি গাড়ির চাপ বেশি। মেঘনা টোল প্লাজায় টোল আদায়ে ধীর গতির কারণে এ যানজট দীর্ঘ হতে থাকে। গতকাল শুক্রবার ভোরে কাঁচপুর সেতুতে তিনটি গাড়ি বিকল হওয়ার কারণে যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে কাঁচপুর থেকে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায়, অন্য দিকে সাইনবোর্ড ও শনিআখড়া পর্যন্ত গিয়ে পড়েছে। যানজট নিরসনে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।
সরেজমিনে গতকাল বিকেলে মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা, টিপুরদী এলাকায় ও মেঘনা টোল প্লাজা গিয়ে দেখা যায়, মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গাড়ির চালকেরা ইঞ্জিন বন্ধ রেখে বসে আছেন।
ঢাকা থেকে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের যাত্রী নূরে আলম মানিক, নিয়াজুল ও শওকত জানানÑ ঢাকা থেকে ছেড়ে এসে মহাসড়কের কাঁচপুর সেতু অতিক্রম করেই যানজটের কবলে পড়েছি। সকাল ১০টায় কাঁচপুরে ছিলাম। দীর্ঘ তিন ঘণ্টায় আধা ঘণ্টার পথ যানজট পেরিয়ে মোগড়াপাড়া আসলাম। সড়কে গাড়ির ধীরগতির কারণেই এ যানজট।
কুমিল্লাগামী ইকোনো সার্ভিসের যাত্রী সিকদার মোতালেব ও আলেয়া আক্তার দম্পত্তি জানান, তীব্র যানজটে দীর্ঘক্ষণ বাসে বসে থেকে অস্বস্তিতে ভুগছি। কাঁচপুর ব্রিজে গাড়ি বিকল হওয়ার কারণে যাত্রীরাও ভোগান্তিতে আছে। যানজট শেষ হবে এ আশায় বসে আছি।
নিউ আলিফ কার্গো সার্ভিসের চালক জিয়াউদ্দিন জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, এ ছাড়া শবেবরাতসহ সরকারি তিন দিন ছুটি থাকায় অতিরিক্ত পণ্যবাহী গাড়ির চাপ, মেঘনা টোল প্লাজায় ধীরগতিতে টোল আদায় ও মহাসড়কের কাঁচপুর সেতুতে তিনটি গাড়ি বিকল হওয়ায় কাঁচপুর থেকে যানজট দীর্ঘ হতে থাকে। ফলে মহাসড়কে সৃষ্টি হয় যানজট।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি সোনারগাঁও থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
সোনারগাঁওয়ে দীর্ঘ ২৫ কিমি যানজট: যাত্রীদের দুর্ভোগ চরমে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর থেকে শুরু হওয়া মহাসড়কের দু’পাশে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এ যানজট মেঘনা সেতু হয়ে মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া...





