তালার প্রবীণ সাংবাদিক তালা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৬০) শুক্রবার বিকেল সাড়ে ৫টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকালে বারুইহাটি গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আব্দুল আলীম দীর্ঘ দিন ধরে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা পত্রিকার তালা উপজেলা ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক পাঠকের কাগজ পত্রিকায়ও দীর্ঘ প্রায় দুই যুগ উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে তালার সাংবাদিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।