সিলেটের বিয়ানীবাজারের তিলপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার তিলপাড়া গ্রামের আলিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির বসতঘর, আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্রসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয়রা জানান, বসতবাড়ির একটি বৈদ্যুতিক তারে শর্টসার্কিট থেকে পাশের খড়ের গাদায় আগুন লাগে। পরে আগুন পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজন নিরাপদে সরে গিয়ে বিয়ানীবাজার ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ও এলাকাবাসী মিলে প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।