ঢাকার নবাবগঞ্জে দূর্বৃত্তের হাতে এক কাপড়ের ব্যবসায়ী খুন হয়েছেন। নিগত ব্যবসায়ীর নাম গোবিন্দ রাজবংশী (৫০)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত গোবিন্দ রাজবংশী উপজেলা বান্দুরা ইউনিয়নের বারদোয়ারী গ্রামের হরমোহন রাজবংশীর ছেলে। পেশায় তিনি বান্দুরা বাজারে মাছ ও কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা গোবিন্দকে হত্যা করে কোঠাবাড়ির চকে ফেলে রেখে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের মুখের ভিতর টিস্যু পেপার ঢোকানো ছিলো। বুকে, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত ব্যবসায়ীর স্ত্রী সাগরিকা রাজবংশী বলেন, আমার স্বামী এলাকায় একজন ভাল লোক হিসেবে পরিচিত ছিলেন। তার সাথে কারো কোনো ঝগড়া-বিবাদ ছিলো না। কিছুদিন আগে আমার স্বামী কোঠাবাড়ি চকে দেওয়ান আক্তারের দুটি ডাঙ্গা মাছ চাষের জন্য ভাড়া নিয়েছিলেন। ডাঙ্গা দেখাশোনার জন্য সেখানে লোকও রাখা হয়েছিলো। কিন্তু তারা বাড়িতে বেড়াতে যাওয়ার ফলে বুধবার সন্ধ্যায় তিনি ডাঙ্গা পাহারা দিতে চকে যান। বুধবার রাত নয়টার দিকে আমার সাথে তার শেষ কথা হয়। এর পরে আর কোনো কথা হয়নি।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আমার স্বামীর জন্য ভাত নিয়ে এসে দেখি তাকে সবজির মাচায় গলায় রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তার পুরো মুখ গামছা দিয়ে বাঁধা ছিলো। পরে আমি বাসায় খবর দেই।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত অপরাধীদের চিহ্নিত করতে পারবো।









