সিরাজগঞ্জের কাজিপুরে গাছের নিচে চাপা পড়ে দাদা ও নাতনীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো আটজন। গুরুতর আহত সম্্রাট হোসেন ও মুকুল হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার ভানুডাঙ্গা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিথি খাতুন (৮) ভানুডাঙ্গা গ্রামের মুকুল হোসেনের মেয়ে ও মুকুল হোসেনের বাবা ইসমাইল হোসেন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিপুরে ভানুডাঙ্গা গ্রামে আজ হাটের দিন ছিল। দুপুর থেকে লোকজন হাটে আসতে শুরু করে। এর মধ্যে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় হাটের পুরনো একটি পাইকর গাছ হাটে আসা লোকজনের ওপর উপড়ে পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে ১০ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার ধুনুট ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ইসমাইল হোসেন ও তার নাতনী বিথিকে ধুনুট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধুনুট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুসফিক দেওয়ান ইসমাইল হোসেন ও তার নাতনী বিথির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
কাজিপুর থানার ওসি কে এম লুৎফর রহমান জানান, ঝড়ে ভানুডাঙ্গায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দাদা ও নাতনী।





