সাতক্ষীরা তালা উপজেলার মানুষ অজানা ডাকাত আতঙ্কে রয়েছে। মাইক্রোবাসে করে বোরকা পরিহিত বাহিনী এলাকায় ঢুকে বাড়ির সবাইকে জিম্মি করে মহিলাদের অর্থ সম্পদ লুটে নিয়ে যাচ্ছে, ছোট শিশুদের কিডন্যাপ করছে বলে খবর রটানো হচ্ছে। বাস্তবে এর কোনো ভিত না থাকলেও গত এক সপ্তাহ ধরে এ গুজব উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ায় কোমলমতি শিক্ষার্থী ও মহিলাদের নিয়ে অভিভাবকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। গ্রামে গ্রামে মানুষ রাত জেগে পাহারা দেয়া শুরু করেছে। তবে প্রশাসন বিষয়টি নিছক গুজব বলে উড়িয়ে দিচ্ছে।
সরেজমিন এলাকায় ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে জান গেছে, তারা শুনেছে অমুক গ্রামের এমন ঘটনা ঘটেছে, কিন্তু সে গ্রামে গিয়েও কোনো ঘটনার হদিস মিলছে না। অভিজ্ঞ মহলের ধারণা, একটি মহল শান্ত এলাকাবাসীকে হঠাৎ অশান্ত করতে এলাকায় গুজব রটাতে বোরকা পরিহিত বাহিনীকে ব্যবহার করছে। এ আতঙ্কে গ্রামাঞ্চলের মহিলারা সন্ধ্যার সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে দরোজা, জানালা বন্ধ করে দিচ্ছে। এসব এলাকার পুরুষেরা মহিলাদের সম্ভ্রম ও সম্পদ রক্ষায় সন্ধ্যার পরপরই গ্রাম পাহারা দিচ্ছে। উপজেলাব্যাপী জনগণের মধ্যে ভীতির সঞ্চার করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
তালার জালালপুরে ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, শুনেছি বিভিন্ন এলাকায় নাকি ওই ধরনের ঘটনা ঘটছে। এ কারণে তার মহল্লায় মিটিং করে একে অপরের কাছে মোবাইল নম্বর দেয়া হয়েছে। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে মোবাইলের মাধ্যমে সবাই একত্রিত হয়ে প্রতিরোধ করা হবে।’
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করে কোনো সত্যতা পাওয়া যায়নি। এটি একটি গুজব ছাড়া আর কিছুই নয়। আর এ গুজবে কান না দেয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা বলেন, ঘটনাগুলো শোনার পরে বিভিন্ন এলাকায় পরিদর্শন করে কোনো সত্যতা পায়নি। তিনি আরো বলেন, ‘যারা এর সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।





