আইনি জটিলতায় ময়মনসিংহ জেলার গৌরীপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ নিয়ে আদালতে রিট হওয়ায় বিকল্প জায়গায় মসজিদ নির্মাণের পুনঃপ্রস্তাব পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক। এদিকে গৌরীপুর সরকারি কলেজ মসজিদের জায়গায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালকের কাছে আবেদন করেছে কলেজ কর্তৃপক্ষ। ইতোমধ্যে প্রকল্প পরিচালক কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন।
ইসলামিক ফাউন্ডেশনের প্রাপ্ত তথ্যে জানা যায়, বিগত মহাজোট সরকারের আমলে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ধর্মমন্ত্রণালয় একটি প্রকল্প গ্রহণ করে। এ জন্য ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর এলাকার উত্তরবাজারে বায়তুল আমান জামে মসজিদের ০.৩১০৬ একর জায়গা এবং আরো ০.১৯০০ একর অধিগ্রহণযোগ্য জায়গায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য প্রশাসনিক অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে প্রস্তাবিত ভূমির মালিক আক্কাস আলী ভূইয়া ও তার সহোদর মাহমুদ হাসান ভূইয়া ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর পাকা দোকান ও বসতবাড়িসহ ১৯ শতাংশ ভূমি অধিগ্রহণ না করার আবেদন করেন। এ ব্যাপারে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে জেলা প্রশাসককে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার নির্দেশনা দেন হাইকোর্ট। বিষয়টি এখনো নিষ্পত্তি না হওয়ায় মডেল মসজিদ নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমতাবস্থায় গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক-৩ এর সভাপতিত্বে এক সভায় চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ জোনের নির্বাচিত তিনটি জায়গা নিয়ে আদালতে রিট হওয়ায় জরুরি ভিত্তিতে বিকল্প জায়গা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। সে মোতাবেক ময়মনসিংহের গৌরীপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রস্তাবিত জায়গার পরিবর্তে জরুরি ভিত্তিতে দানকৃত বা খাস অথবা সরকারি জায়গার পুনঃপ্রস্তাব পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানান প্রকল্প পরিচালক।
জেলা প্রশাসক ড. সুভাষচন্দ্র বিশ্বাস জানান, জমির মালিক আদালতে রিট করায় মডেল মসজিদ নির্মাণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছু করা যাচ্ছে না। গৌরীপুর সরকারি কলেজের জায়গায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য আবেদন করা হয়েছে।
প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, হাইকোর্টে রিট করার কারণে গৌরীপুরে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পটি ঝুলে পড়েছে। দু’টি জায়গায় মসজিদ নির্মাণের আবেদন করা হয়েছে। কোথায় মসজিদ নির্মাণ করা হবে এটা এখনো চূড়ান্ত হয়নি।