বরিশালের গৌরনদী বন্দরের ভাই ভাই সুপার মার্কেটের পোদ্দার ক্লোথ স্টোরের গুদামে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় কাউন্সিলর রেজাউল করিম টিটুসহ একাধিক বাসিন্দা আহত হয়েছেন। আহতদের গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ^াস দেন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
প্রত্যক্ষদর্শী গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া এবং ব্যবসায়ী সজল ঘোষ জানান, ভাই ভাই সুপার মার্কেটের দোতলায় পোদ্দার ক্লোথ স্টোরের গোডাউনে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে গৌরনদী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এরপরও আগুন নিয়ন্ত্রণে না আসায় পাশর্^বর্তী আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে যৌথভাবে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বরিশাল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক হোসেন জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানিয়ে দেয়া হবে।
শুক্রবার সকালে গোডাউন মালিক অলোক পোদ্দার জানান, গোডাউনের মালামাল পুড়ে যাওয়ায় প্রায় এক কোটি টাকার কাপড় পুরে ছাই হয়ে গেছে।





