সাতক্ষীরার তালায় কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৫টি ধর্মীয় প্রতিষ্ঠান, অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও দুই শতাধিক গাছপালা ওপড়ে পড়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ১০ মিনিটের ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, তালা সদরের শহীদ কামেল মডেল হাইস্কুল, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালা আলিয়া মাদরাসাসহ প্রায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের চাল উড়ে গেছে।
এ ছাড়া ১৫টির মতো ধর্মীয় প্রতিষ্ঠান ও ৫০টির মতো ঘরের চাল উড়ে গেছে। তালা উপজেলা পরিষদ, হাসপাতাল চত্বরসহ বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়েছে।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, তার ইউনিয়নে প্রায় ১০টি ঘরের চাল উড়ে গেছে এবং গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়িসহ তার ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে।
তালা শহীদ কামেল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ কাসেম জানান, হঠাৎ ঝড়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন জানান, ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।





