ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৫ নং জাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচন ভোটের আগের রাতে স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার চেয়ারম্যান পদে এ উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।
এ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় সকল প্রস্তুতি সম্পন্ন করে প্রশাসন। ৯টি কেন্দ্রে ব্যালট বক্স ও ব্যালট পেপার নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্রে পৌঁছেন। এর পরপরই উচ্চ আদালতের একটি রায় নির্বাচন অফিসে এলে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এক গণবিজ্ঞপ্তিতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।
উচ্চ আদালতের নির্দেশে এ উপ-নির্বাচনটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়ন পরিষদের সদস্যদের অনাস্থা ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে পরিষদের চেয়ারম্যান শামছুল হক ঝন্টুকে বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শূন্য ঘোষণা করা হয় এ পদটি।
এরপর এ পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার ভোট গ্রহণের কথা ছিল।
এ বহিষ্কারাদেশ নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন। ঝন্টুকে অনাস্থার মাধ্যমে বহিষ্কারের আদেশ হাইকোর্ট অবৈধ ঘোষণা করেন। ফলে তিনি চেয়ারম্যান পদে বহাল থাকছেন।
এ অবস্থায় বৃহস্পতিবারে অনুষ্ঠিত উপ-নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও আইনজীবী পলাশ চন্দ্র রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, রুল যথাযথ ঘোষণা করে ইউপি চেয়ারম্যান শামসুল হক ঝন্টুকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বহিষ্কারাদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে তিনি চেয়ারম্যান পদে বহাল থাকছেন। তার বহিষ্কারের প্রেক্ষিতে জাটিয়া ইউনিয়নের উপ-নির্বাচন ঘোষণা করা হয়েছিল। তাও বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে ওই ইউপিতে বৃহস্পতিবারের উপ-নির্বাচন আর হচ্ছে না।
উপজেলা নির্বাচন অফিসার জিবুনন্নাহার জানান, হাইর্কোটের নির্দেশে নির্বাচন কমিশন থেকে উপ-নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী উপ-নির্বাচনে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল আমিন (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল গনি (লাঙল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ (চশমা) ও অ্যাভোকেট কাজী যাইদুল হক শাহজাহান (আনারস)।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ এপ্রিল ঈশ্বরগঞ্জের জাটিয়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন শামসুল হক ঝন্টু। পরে ইউপির সদস্যরা একত্রিত হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার সিদ্ধান্ত নেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি এ অনাস্থা আবেদন গ্রহণ করে ঝন্টুকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারাদেশ জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বহিষ্কৃত চেয়ারম্যান ঝন্টু। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত মার্চে তার বহিষ্কারাদেশ কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করা হয়।









