সাতক্ষীরার তালায় প্রেমঘটিত কারণে পূজা বিশ্বাস (১৫) নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার শ্রীমন্তকাঠী গ্রামে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের অমল বিশ্বাসের মেয়ে পার্শ্ববর্তী জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পূজা বিশ্বাসের সাথে একই এলাকার ভোলানাথ হালদারের ছেলে খুলনা বিএল কলেজের অনার্সের ছাত্র রাজু হালদারের প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টিতে তাদের পরিবারের কেউ রাজি ছিল না। তারা যেন একে অন্যের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে না পারে তার জন্য ব্যাপক নজরদারি করা হয়।
এর আগে পূজাকে রাজুর দেয়া একটি মোবাইল ফোনের কথা পরিবারকে জানালে তা রাজুর পরিবারকে ফিরিয়ে দেয়া হয়। এরপরও রাজু বিভিন্ন সময় পূজাকে রাস্তাঘাটে বিরক্ত করত।
সর্বশেষ এ নিয়ে রাগে দুঃখে ক্ষোভে পূজা বিগত ২৩ জুলাই সন্ধ্যায় গলায় রশি দিয়ে আত্মহত্যার প্রচেষ্টা চালায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে তালা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর শুক্রবার বেলা ৩টার দিকে পূজার মৃত্যু হয়।