দুর্ঘটনা হ্রাস, হেলমেট পরিধান ও যানজট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করায় দ্বিতীয় বারের মতো কুড়িগ্রাম জেলা বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ট্রাফিক ইউনিট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা হওয়ার গৌরব অর্জন করেছে। রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম কুড়িগ্রাম ট্রাফিক বিভাগের টিআই অ্যাডমিন মো: জাহিদ সারোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ সময় রংপুর রেঞ্জের কমান্ড্যান্ট মো: মেহেদুল করিম পিপিএম, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো: মেনহাজুল আলমসহ (সদ্য পদোন্নতিপ্রাপ্ত এসপি) রংপুর রেঞ্জের সব পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম পুলিশ বিভাগ সড়কে শৃঙ্খলা ফেরাতে অনুকরণীয় বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করে। ফলে শৃঙ্খলা ফেরে সড়ক, মহাসড়ক ও যানবাহন চলাচলে। দেয়া হয় যানবাহন চালক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ। সৃজনশীল উদ্যোগগুলো নাড়া দেয় সর্বমহলে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে সফলতা, যানবাহন চলাচলে শৃঙ্খলা আনয়ন, নো-হেলমেট নো-পেট্রল প্রথা চালু, দুর্ঘটনা রোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টিতে কুড়িগ্রাম পুলিশ অনন্য ভূমিকা রাখায় এ গৌরব অর্জন করে।
গত শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে ট্রাফিক বিভাগের টিআই অ্যাডমিন মো: জাহিদ সারোয়ার সাংবাদিকদের জানান, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মুহিবুল ইসলাম খান বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় এবং নেতৃত্বে আমার ট্রাফিক বিভাগের সব সহকর্মীর অক্লান্ত পরিশ্রম, মেধা, শৃঙ্খলা ও কাজের ধারাবাহিক সমন্বয়ের কারণে এ ধারাবাহিক সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।