সাতক্ষীরার তালায় ছাদ থেকে পড়ে ইব্রাহীম সরদার (৩০) নামের এক গ্লাস শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামের মুনসুর সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ইব্রাহীমসহ কয়েকজন শ্রমিক বৃহস্পতিবার তালার মেলা বাজারের শফিকুল ইসলামের বাসভবনে তিন তলা ভবনে গ্লাস লাগানোর কাজ করছিল। একপর্যায়ে গ্লাস লাগানোর জন্য ব্যবহৃত দড়ি ছিড়ে গেলে ইব্রাহীম মাটিতে পড়ে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা হাসপাতাল থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তালা থানার ওসি মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।