মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্বশত্রুতার জেরে দুই গৃহবধূকে কুপিয়ে জখম করা হয়েছে। গত শুক্রবার বেলা ১১টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের চালপিতাড়া গ্রামের শেখ লিটনের স্ত্রী রুমা বেগম (৩৫) ও শেখ মোস্তফার স্ত্রী লিমা বেগমকে (৩২) কুপিয়ে জখম করে একই গ্রামের শেখ মন্তাজ উদ্দিনের ছেলে শেখ সেলিম, কাজীম উদ্দিনের ছেলে মোহাম্মদ ছাইফুল, মোহাম্মদ মামুন, মৃত কামাল বেপারীর ছেলে অনিক বেপারী, শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ সজিব, শাহ জাহানের ছেলে মোহাম্মদ কামরুল। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে চালতিপাড়া গ্রামের সেলিম গ্রুপ ও লিটন শামিমদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শত্রুতা চলে আসছিল। একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মামলা মোকদ্দমাও করেছে। তারই জেরে রুমা বেগম ও লিমা বেগমকে কুপিয়ে জখম করে সেলিম গ্রুপের লোকজন।
সিরাজদিখান থানার এসআই মোতালেব জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতরা বিভিন্ন হাসপালে চিকিৎসাধীন আছেন।
সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন জানান, মারধরের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।