রাজবাড়ীর পদ্মায় পানি বাড়ছেই। গত ১২ দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চরাঞ্চলের দেখা দিয়েছে দ্বিতীয় দফায় বন্যা ও নদী ভাঙনের প্রকোপ।

গত ২৪ ঘন্টা রাজবাড়ীর পদ্মা নদীর পানি ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে তা আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মায় দৌলতদিয়া পয়েন্টে শুরু হয়েছে তীব্র ঘূর্ণমান স্রোত ও নদী ভাঙন।

অব্যাহত পানি বৃদ্ধিতে জেলার চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের প্রায় চার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে কর্মহীন জীবনযাপন করছে।

পানি বৃদ্ধিতে তীব্র ঘূর্ণমান স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ১ ও ২নং ফেরিঘাটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

পদ্মায় তীব্র ও ঘূর্ণিস্রোতের কারণে ফেরি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। স্রোতের কারণে ঘাটের পন্টুনে ফেরি ভেড়াতে চরম বিপাকে পড়ছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

তবে অন্তত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত ঠিক রাখতে জরুরি ভিত্তিতে ফেরি ও লঞ্চঘাট রক্ষা করতে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড ওই দুই ফেরিঘাটে ২০ হাজার বালুভর্তি জিও ব্যাগ জরুরি ভাবে নদীতে ফেলে ঘাট সচল করার প্রচেষ্টা করছে।