শিক্ষার্থী অভিভাবকসহ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেমরায় সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাইয়ের আয়োজনে গতকাল সকালে মাতুয়াইল নিউ টাউন এলাকায় অবস্থিত রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ শীতল কুমার সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, সমন্বয়ক মো: কামাল হোসেন ও সমাজসেবক হারুন উর রশিদ হারুন। প্রধান অতিথি চিত্রনায়ক
ইলিয়াস কাঞ্চন বলেন, জীবন একটাই, জীবনের আগে জীবিকা নয়। জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, সড়কপথে চলাচলের সময় প্রতিটি মানুষকেই সচেতন হয়ে পথ চলতে হবে। কেননা আমরা কেউই অনাকাক্সিক্ষত দুর্ঘটনা প্রত্যাশা করি না। তিনি গাড়িচালকদের উদ্দেশ বলেন, গাড়ি চালনায় অবশ্যই চালকদের দক্ষতা অর্জন করতে হবে এবং বেপরোয়াভাবে গাড়ি চালনা থেকে বিরত থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে সড়কে মৃত্যুর মিছিল কমিয়ে আনতে। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল্লাহ গাজী, নাজমুল হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শত শত শিক্ষার্থী।