কুড়িগ্রামের রাজারহাটে চাঞ্চল্যকর শাহ আলম (স্বপন) হত্যা মামলায় পুত্রের যাবজ্জীবন ও পিতার ৭ বছরের কারাদণ্ড প্রদান করেছে জেলা জজ আদালত। মঙ্গলবার বিকেল ৪টায় এ রায় ঘোষণা করা হয়। আদালত সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুটি গ্রামের আব্দুল হাই সরকারের পুত্র শাহআলম-স্বপন (২২) ২০০০ সালের ৪ এপ্রিল পার্শ্ববর্তী উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া গ্রামের পেয়ারুল ইসলামের পুত্র নুরনবী (২০) পান ক্রয় করাকে কেন্দ্র করে পানের দোকানে বাগি¦তণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নুরনবী তার পরিবারের কয়েকজনকে নিয়ে শাহআলম (স্বপন)-এর উপর চড়াও হয়ে মারধরসহ পাঁজরে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বপনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতে তার চাচা মকবুলার রহমান বাদি হয়ে রাজারহাট থানায় হত্যা মামলা করলে দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ মুন্সী রাফিউল আলম ৩০২ ধারায় আসামি পুত্র নুরনবীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩২৬ ধারায় পিতা পেয়ারুলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার।