কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

রড-সিমেন্ট, ফল ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভৈরব চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন, আফজাল হোসেন জামাল, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, যুবলীগ সভাপতি অরুন আল আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজি, অটোরিকশা, নসিমন, করিমন চলাচলে হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা না থাকলেও ভৈরব হাইওয়ে পুলিশ এসব যানবাহন চলাচলে বাধা দিচ্ছে। আবার কোনো কোনো সময় এসব যানবাহন আটক করে অবৈধভাবে টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। এতে করে ভৈরব বাজারের ব্যবসায় অচলাবস্থা সৃষ্টি হচ্ছে।