মা-নানার ঝগড়ায় মাদারীপুরের রাজৈরে নানার কাঁচির আঘাতে ৯ মাসের নাতনী মরিয়ম নিহত হয়েছে। গত বুধবার সকালে উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামড়া গ্রামের জাহাঙ্গীর শেখের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে রাজৈর উপজেলার সাতবাড়িয়া গ্রামের করম ফরাজী (৬৫), স্ত্রী ফয়জুন বেগম (৬০) ও তার মেয়ে ৫ সন্তানের জননী জাপানী বেগম (৩০) তার কোলে থাকা ৯ মাসের শিশু কন্যা মরিয়মকে নিয়ে ত্রিমুখী ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় নানার হাতে থাকা কাঁচিতে নাতনী মরিয়মের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় মরিয়মকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সে মারা যায়। নিহতের মা জাপানী বেগমকে বিবাহ দেয়ার পর থেকেই প্রায় ১০ বছর ধরে বাবার বাড়ি থাকতেন।
নিহত শিশু মরিয়মের বাবা জাহাঙ্গীর বলেন, আমার স্ত্রী জাপানী বেগম ও শাশুড়ি ফয়জুন বেগম ঝগড়া করছিল। এ সময় আমার শ্বশুর করম ফরাজী কৃষি মাঠ থেকে এসে এ ঝগড়ায় লিপ্ত হয় এবং ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রী জাপানীকে হাতে থাকা কাঁচি দিয়ে কোপ দেয়। কিন্তু সেই কোপ জাপানীর গায়ে না লেগে আমার শিশু কন্যা মরিয়মের মাথায় লাগে।
রাজৈর হাসপাতালের ডা: সুবাস সরকার জানান, আমরা ওই শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর প্রেরণ করার সময় সে মারা যায়। তার মাথায় বড় ধরনের আঘাত লেগেছে।
রাজৈর থানার ওসি মো: শাহজাহান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক শিশু কন্যার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।