রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় আফজাল মন্ডল (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার নারুয়া ইউনিয়নের শালকি গ্রামে মিক্সচার মেশিন উল্টে মৃত্যু হয় তার।
নিহত আফজাল মন্ডল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মৃত আলিমুদ্দিন মন্ডলের ছেলে।
নিহত আফজাল মন্ডলের ছেলে কাউসার বলেন, সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো আমার বাবাসহ অনান্য শ্রমিকেরা ছাদ ঢালাই কাজের জন্য বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শালকি গ্রামে মালেক মাস্টারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ওঠার রাস্তার একটি তালগাছের গুড়ির সাথে ধাক্কা লেগে ইঞ্জিন চালিত নছিমন সহ মিক্সচার মেশিন উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সৌরভ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন এ ঘটনায় নিহতের ভাই বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।





