দু’টি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলিসহ সাত মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী আনু খা (৩৩) গ্রেফতার করেছে রাজবাড়ীর পাংশা থানা পুলিশ। রোববার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
গ্রেফতারকৃত অনু খাঁ মৌরাট ইউনিয়নের দুলিয়াট গ্রামের মৃত আবু বক্কার খায়েরের ছেলে।
রোববার বিকেলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ শীর্ষ সন্ত্রাসী অনু খাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী দুলিয়াট কবরস্থানে লুকিয়ে রাখা দু’টি ওয়ান শুট্যারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, গ্রেফতারকৃত অনু খাঁ জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সে নিজ জেলার বাইরে অবস্থান করতো। শনিবার রাতে অনু খাঁ বাড়িতে আসবে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।





