ফেনীর দাগনভূঞার সিলোনীয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নিজামুল হকের (৬০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়নপুর গ্রামে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা-পূর্ব বক্তব্য রাখেন সিলোনীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, নবীপুর ফয়েজিয়া মাদরাসার অধ্যক্ষ ইয়াছিন করিম, ইয়াকুব সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো: ইফসুফ, দুধমুখার দরবার পীর মাওলানা মো: লোকমান হোসেন, বসুরহাট আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা সুফী, দাগনভূঞা একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা সালাউদ্দিন, মরহুমের বড় ভাই সেবারহাট একাডেমীর অধ্যক্ষ মাহফুজুল হক প্রমুখ। জানাজায় ইমামতি করেন ঢাকা আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ। জানাজা শেষে মাওলানা নুরুল হক সাহেবের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা-পূর্ব বক্তব্য রাখেন আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ, ফকিহ আবদুল হান্নান, ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক মোরশেদ আলম, সিলোনীয়া ফাজিল মাদরাসা পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি রাজিউল ইমাম, অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, প্রভাষক হাফেজ জয়নাল আবদীন, প্রভাষক খন্দকার মিজানুর রহমান, ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু হানিফ, সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, মরহুমের ছোট ভাই ব্যাংকার নাজমুল হাসান, বড় ছেলে আবদুল হান্নান আদনান প্রমুখ। সকাল ৭টায় ছাগলনাইয়ার ঈদগাহ ময়দানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
রোববার বিকাল ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যালে ইন্তেকাল করেন তিনি। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন। বড় ছেলে আবদুল হান্নান আফনান সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও ছোট ছেলে আবদুল মান্নান ইরফান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।





