প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে সুগন্ধা রাণী (৩০) নামে এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে তালতলী উপজেলার চরপাড়া গ্রামে। শনিবার দিবাগত রাত সারে ৩টা দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়েছে।
উপজেলার চরপাড়া গ্রামের নিমাই শীলের স্বামী পরিত্যাক্তা কন্যা সুগন্ধা রানী (৩০)।
জানা গেছে, গত ২/৩ দিন ধরে বরগুনার তালতলী উপজেলাসহ সারাদেশে প্রচন্ড শীত বয়ে যাচ্ছে। ঘটনার সময় উপজেলার চরপাড়া গ্রামের নিমাই শীলের কন্যা সুগন্ধা রাণী প্রচণ্ড শীতে আগুন পোহানোর জন্য বাড়ীর উঠানে রান্না করার চুলার মধ্যে খড়-কুটা দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করতেছিল। হঠাৎ সেই চুলার আগুন তার পড়নে থাকা জামা কাপড়ে লেগে তার সর্বাঙ্গ পুড়ে দগ্ধ হয়ে যায়। সুগন্ধার ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করেন। সেখানে ভর্তি করার পরে শনিবার দিবাগত রাত সারে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নিহতের ফুপাতো ভাই নিরঞ্জন শীল মুঠোফোনে জানান, আমার মামাতো বোন সুগন্ধা রাণী শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তালতলী থানার পরিদর্শক (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।





