নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে কয়েক হাজার বর্গফুট এলাকায় চলা অবৈধ বালু ব্যবসা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বিআইডবিøউটিএ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধ বালু ব্যবসা বন্ধ করে দেয়া হয়। এ সময় চারটি ড্রেজার, পাঁচ শতাধিক বর্গফুট ড্রেজারের পাইপ ও বাঁশের পাইলিং গুঁড়িয়ে দিয়ে প্রায় দুই একর জমি দখলমুক্ত করে বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর। এ ছাড়া জব্দকৃত চারটি ড্রেজার, দুইটি বালু বোঝাই বাল্কহেড, স্ত‚পকৃত বালু ও মাটি চার লাখ ৩৮ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান আরো উপস্থিত ছিলেন বিআইডবিøউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ। এ ছাড়া বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য ও উচ্ছেদকর্মী উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম জানান, কিছু প্রভাবশালী লোকজন নদীর তীর দখল ও ভরাট করে নদীর তীরে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু ব্যবসা চালাচ্ছিল। সোমবার অভিযানে বেশ কিছু বালু ব্যবসায়ীর ড্রেজার, পাইপ, বাঁশের পাইলিং ভেঙে গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি জব্দকৃত ড্রেজার, বালু বোঝাই বাল্কহেড, স্ত‚পকৃত বালু ও মাটি মোট চার লাখ ৩৮ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। নদী দখলকারীরা যত প্রভাবশালী হোক না কেন, তাদের কোনো ছাড় নেই বলে উল্লেখ করেন তিনি। নদী দখলকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।