সাতক্ষীরা তালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের শাকদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস শাকদহ ব্রিজের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে বাসের ২০ যাত্রী গুরুতর আহত হন।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, খুলনার বোরহান উদ্দীনের গর্ভবতী স্ত্রী রেক্সোনা পারভীন (২০), সাতক্ষীরা পাচপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী বিউটি বেগম ও সোবহান মোল্লার স্ত্রী রেবেকা খাতুন (৩৮), বাগেরহাটের মোংলা পোর্ট এলাকার মাসুদ সেখ, চিতলমারি উপজেলার অমূল্য কুমার বালা ও শ্যামনগর উপজেলার হরিহর নগর গ্রামের রাশিদা বেগম (৫০) সহ কমপক্ষে ২০ যাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজি ওয়াহিদ মুর্শেদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সর্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তােেদর গ্রেফতার করা যায়নি।





